মহেশপুরে মাদকের প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, যশোরে

মহেশপুর প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্থানীয় যুবদল নেতা আবু সাঈদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে তাকে গুরুতর জখম করা হয়েছে। বর্তমানে তিনি যশোরের একটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, আহত আবু সাঈদ স্থানীয় বিএনপি নেতা মোজাম্মেল হকের ছেলে এবং এলাকায় যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। দীর্ঘদিন ধরে তিনি গোপালপুর এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। স্থানীয়দের অভিযোগ, এ কারণে এলাকার চিহ্নিত মাদক কারবারি ও অপরাধী চক্র তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে।
গত বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাতে পূর্বপরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী গোপালপুর এলাকায় তার গতিরোধ করে হামলা চালায়। এসময় হামলাকারীরা ধারালো রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে। পাশাপাশি তাকে বেধড়ক মারধর করলে তার হাত ও পা ভেঙে যায় বলে পরিবার সূত্রে জানা গেছে। হামলাকারীদের উদ্দেশ্য ছিল তাকে হত্যা করা—এমন অভিযোগও করেছেন স্বজনরা।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আবু সাঈদকে উদ্ধার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত কোটচাঁদপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোরের ইবনে সিনা হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখনও আশঙ্কাজনক।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা হয়েছে কিনা বা কাউকে আটক করা হয়েছে কিনা—সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *