রামিশা হত্যা মামলার আসামির ফাঁসির দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বিশেষ প্রতিনিধ:-
চুয়াডাঙ্গায় রাজধানী ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিশা (৮) ধর্ষণ ও হত্যা মামলার আসামি সোহেল রানার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন, প্রতিবাদ ও ধিক্কার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মানবতা ফাউন্ডেশনের উদ্যোগে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির পশ্চিম পাশে কোর্ট রোড এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন সামাজিক, মানবাধিকার ও আইনজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন মানবতা ফাউন্ডেশনের সভাপতি রউফুন নাহার রীনা। বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আফরুজা আকতার, সাবেক লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহমান জালাল, অ্যাডভোকেট হালিমা খাতুন, অ্যাডভোকেট হোসনে আরা, গণসংযোগ কর্মকর্তা হাফিজ উদ্দিন হাবলু, মোটিভেশন অফিসার জাকিয়া সুলতানা ঝুমুর এবং মানবাধিকারকর্মী শেফালী খাতুন।
বক্তারা বলেন, শিশু ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনা সমাজকে গভীরভাবে নাড়া দিয়েছে। এ ধরনের অপরাধ দমনে দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করা জরুরি। তারা রামিশা হত্যার ঘটনায় জড়িত আসামির দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মানি খন্দকার।
সমাবেশ শেষে চুয়াডাঙ্গার পুলিশ সুপারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে শিশু নির্যাতন ও নারী সহিংসতার বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ এবং দ্রুত বিচার কার্যক্রম জোরদারের দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *