নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয় চুয়াডাঙ্গা। মঙ্গলবার (৯ জুন ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, জীবননগর কাঁচাবাজারের পানপট্টি এলাকায় মো. আখের আলী (৫৫) এর মালিকানাধীন পান-সুপারির দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানের ক্যাশ বাক্সে রাখা একটি পলিথিন প্যাকেটের ভেতর কাগজে মোড়ানো সাতটি গাঁজার রোল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মোট ওজন ১০০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হলেন— জীবননগর বাজার এলাকার মো. আখের আলী (৫৫), চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়ার কোরিয়াপাড়া এলাকার মো. কামরুল (৩০) এবং ইসলামপাড়া এলাকার মো. ইয়ামিন (৩২)।
অভিযানের সময় কামরুলের কাছ থেকে ১০ গ্রাম এবং ইয়ামিনের কাছ থেকে আরও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ১২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনি কামরুল ও ইয়ামিনকে মাদক সেবনের দায়ে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. বদরুল হাসান বাদী হয়ে জীবননগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।