বিশেষ প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দর্শনা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ছয়জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। পুলিশ সুপার চুয়াডাঙ্গার নির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে সোমবার (৯ জুন) রাতব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন আদালতে বিচারাধীন মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। পরোয়ানা তামিলের লক্ষ্যে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা ও বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— দক্ষিণ চাঁদপুর গ্রামের নবা মন্ডলের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩৪), প্রতাপপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মোঃ মিলন (২১), ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আজিজুল হকের ছেলে মোঃ এনামুল হক (১৯), চাকুলিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে মোঃ মোজা মোল্লা, দক্ষিণ চাঁদপুর গ্রামের ফকির চাঁদের ছেলে মোঃ ডালিম (২৮) এবং ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত হানেফ মন্ডলের ছেলে মোঃ আবরুদ্দিন মন্ডল।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাক্রমে সিআর-৬৬/২৬, জিআর-২৭/১৪, জিআর-২৮৩/২৬, জিআর-৪০৯/১৯, জিআর-৪৪৭/১৮ এবং এসসি-১৭৮/১৪ নম্বর মামলায় আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা ছিল।
দর্শনা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার (৯ জুন) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের একাধিক সূত্র জানায়, পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এবং অপরাধ নিয়ন্ত্রণে দর্শনা থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।