বিশেষ প্রতিনিধি:-
চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৭ জুন ২০২৬) রাত ৮টা ৪০ মিনিটের দিকে দর্শনা থানাধীন দক্ষিণ চাঁদপুর গ্রামের মেসার্স তানজিল এন্টারপ্রাইজের দক্ষিণ পাশে ইটের রাস্তার ওপর অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান-এর সার্বিক দিকনির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) সাইফুল মোল্লা সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এনামুল হক ওরফে বিপুল (৪০)-কে আটক করা হয়। তিনি দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে। এ সময় তার হেফাজত থেকে ৩০ (ত্রিশ) পিস অবৈধ নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ হাজার টাকা।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দর্শনা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।