জীবননগরে শ্বাসনালীতে দুধ আটকে ৩ মাসের শিশুর মৃত্যু পরিবারে শোকের মাতম

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পৌর শহরে শ্বাসনালীতে দুধ আটকে তিন মাস বয়সের মেঘলা ঘোষ নামে এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি রোববার (২৭ জুন) ভোর ৪ টার দিকে সংঘটিত হয়েছে।

নিহত মেঘলা ঘোষ জীবননগর পৌর শহরের মডেল সরকারি প্রাইমারি স্কুলপাড়ার মাধু ঘোষ ও সরস্বতী ঘোষ দম্পতির শিশু কন্যা। পরিবারের বড় মেয়ে রীতি ঘোষের (৮) পর মেঘলা ছিল তাদের দ্বিতীয় সন্তান।

শিশুটির মা সরস্বতী ঘোষ জানান, শনিবার দিবাগত রাত প্রায় ৪টার দিকে তিনি মেঘলাকে দুধ পান করিয়ে ঘুম পাড়িয়ে দেন। ভোরের দিকে শিশুটির বাবা ঢাকা থেকে বাড়ি ফিরে মেয়েকে কোলে নিলে তার শরীর অস্বাভাবিক মনে হয়। পরে দেখা যায়,শিশুটির মুখ কালচে হয়ে গেছে এবং হাত-পা নিস্তেজ হয়ে রয়েছে।
দ্রুত তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তৌহিদুল ইসলাম বলেন,ভোরে তিন মাস বয়সী এক শিশু কন্যাকে হাসপাতালে আনা হয়।
পরীক্ষা-নিরীক্ষার পর ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার প্রায় ১ থেকে ২ ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে,শ্বাসনালীতে দুধ আটকে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত না হলে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
এদিকে এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে
পরিবেশ ভারী হয়ে ওঠে। পরিবারের সদস্যরা জানান,শিশুটির আকস্মিক মৃত্যু
তারা কোনো ভাবেই মেনে নিতে পারছেন না।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন,শিশু কন্যার মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *