আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:-
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি এবং ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)| তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি|
শনিবার (২৭ জুন) ভোর ৪টা ৪০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ সামন্তা বিওপির সুবেদার মো. ওমর আলীর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত এলাকায় টহল পরিচালনার সময় দুইজন অজ্ঞাত চোরাকারবারিকে ধাওয়া করে| এ সময় তারা সীমান্ত পিলার ৫৭/১-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর উপজেলার বেলেহাটি গ্রামের মো. মোনতাজ আলীর পুকুরের উত্তর পাড়সংলগ্ন জঙ্গলে একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ ফেলে শূন্যরেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়|
পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত ব্যাগটি তল্লাশি করে একটি কার্টনের ভেতর থেকে দুইটি বিদেশি পিস্তল (মেড ইন ইতালি), চারটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি এবং ভারতীয় ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেন|
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন, গুলি ও ফেনসিডিল মহেশপুর থানায় এজাহারের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে| সীমান্তে চোরাচালান ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান|