দর্শনা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান-এর সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার মাদকবিরোধী অভিযানে ১১ বোতল নিষিদ্ধ Eskuf সিরাপসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) রাত ৮টা ২০ মিনিটের দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম-এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. শামছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আকন্দবাড়ীয়া গ্রামের স্কুলপাড়া তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মো. রফিকুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি দর্শনা থানার দক্ষিণ চাঁদপুর (মাছ বাজারপাড়া) এলাকার মৃত আলম মণ্ডলের ছেলে।
তল্লাশিকালে তার হেফাজত থেকে ১১ বোতল নিষিদ্ধ Eskuf সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২২ হাজার টাকা। উদ্ধারকৃত মাদক জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে।
দর্শনা থানার পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।