মহেশপুর সীমান্তে বিজিবির তিন অভিযানে ৩ হাজার ৮০০ পিস ভারতীয় ওষুধ ও ২৬ বোতল সিরাপ উদ্ধার

অপুদাস,ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক তিনটি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীনভাবে ২৬ বোতল ভারতীয় সিরাপ ও ৩ হাজার ৮০০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

রোববার (৫ জুলাই) ভোরে ব্যাটালিয়নের সদস্যরা একযোগে এসব অভিযান পরিচালনা করেন। মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৫২/২৪-আর ও ৫২/২৫-আর থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিলা বাগানপাড়া গ্রামের মো. মমিন তক্কেলের বাঁশবাগানে হাবিলদার শহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২৬ বোতল ভারতীয় সিরাপ এবং ১ হাজার ৮০০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়।

এদিকে, খোশালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/৮৪-আর থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোশালপুর গ্রামের একটি পাটখেতে নায়েব সুবেদার মো. ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে পরিচালিত আরেকটি অভিযানে আরও ২ হাজার পিস ভারতীয় ওষুধ জব্দ করা হয়।

উদ্ধারকৃত সব মালামাল আসামীবিহীন অবস্থায় জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *