চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

মাদকের বিরুদ্ধে চলমান ‘জিরো টলারেন্স’ অভিযানের অংশ হিসেবে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর দ্রুত বিচার (সামারি ট্রায়াল) শেষে আদালত তাদের প্রত্যেককে এক বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (রাত) সদর থানার এসআই এম সজীব আহম্মেদের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর উপজেলার কেদারগঞ্জ নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। মওলা মিয়ার চারতলা ভবনের সামনের পাকা সড়কে অবস্থান নিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— চুয়াডাঙ্গা শহরের হকপাড়া (তিনখাম্বা) এলাকার মৃত দুখু মিয়ার মেয়ে ও শান্ত মিয়ার স্ত্রী মিম খাতুন (২২) এবং তালতলা এলাকার মৃত আবু সুফিয়ানের ছেলে সাব্বির হোসেন পল্টন (২৮)।
এ ঘটনায় পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করে তাদের সামারি ট্রায়াল আদালতে সোপর্দ করে।
শুনানি শেষে আদালত মিম খাতুনকে এক বছরের সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে সাব্বির হোসেন পল্টনকে এক বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, মাদকমুক্ত চুয়াডাঙ্গা গড়তে পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। মাদক কারবারি, চোরাচালানকারী ও মাদকের বিস্তার রোধে পুলিশের কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি মাদকের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *