জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি। সভাটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মুশফিকুর রহমান।
সভায় সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের সময় সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে জানমাল ও সম্পদের ক্ষয়ক্ষতি কীভাবে সর্বনিম্ন পর্যায়ে রাখা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ, আশ্রয়কেন্দ্রগুলোর প্রস্তুতি ও কার্যকারিতা নিশ্চিতকরণ এবং দুর্যোগ-পরবর্তী দ্রুত সহায়তা কার্যক্রম পরিচালনার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুশফিকুর রহমান জানান, যেকোনো জরুরি পরিস্থিতি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখা সার্বিকভাবে প্রস্তুত রয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য একটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া দুর্গত মানুষের জরুরি সহায়তার জন্য শুকনো খাবারসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী মজুত রয়েছে, যা প্রয়োজন অনুযায়ী দ্রুত বিতরণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন জীবননগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতিয়ার রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জুয়েল শেখ, উপজেলা প্রকৌশলী, হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবি বিশ্বাস, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা লিটন এবং জীবননগর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় বক্তারা দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, আন্তঃবিভাগীয় সমন্বয় জোরদার এবং দ্রুত সেবাপ্রদান নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।