মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে পুকুরে গোসল করতে নেমে মোছা. আরিসান (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটে বাড়ির পাশের একটি পুকুরে কয়েকজন সমবয়সী শিশুর সঙ্গে গোসল করতে নামে আরিসান। একপর্যায়ে তাকে খুঁজে না পেয়ে সঙ্গে থাকা শিশুরা পরিবারের সদস্যদের জানায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুরে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর দ্রুত চিকিৎসার জন্য নেওয়ার প্রস্তুতি চলাকালেই তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানান। নিহত আরিসান শ্রীপুর গ্রামের মো. মনিরুজ্জামান মনিরের মেয়ে।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম নেমে এসেছে। প্রতিবেশীরাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
এদিকে স্থানীয় সচেতন মহল শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে পুকুর, নদী বা জলাশয়ের আশপাশে শিশুদের একা যেতে না দেওয়া এবং সবসময় প্রাপ্তবয়স্কদের তত্ত্বাবধানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।