জীবননগর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে অর্ধ-কোটি টাকার ভারতীয় ডিএনএ টেস্ট কিট ও ৩৮৮টি ভায়াগ্রা ট্যাবলেট আটক 

জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী নতুনপাড়া ও গয়েশপুর এলাকায় পৃথক দুটি চোরাচালান ও মাদক বিরোধী অভিযানে প্রায় ৫০ লাখ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় ডিএনএ টেস্ট কিট এবং ৩৮৮টি ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট জব্দ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। তবে অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার (১৫ জুলাই) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ নতুনপাড়া বিওপি সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৬৭/এমপি থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া গ্রামের জোড়া পুকুরপাড় এলাকায় রিপন মিয়ার আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ২১৪টি ভারতীয় ডিএনএ টেস্ট কিট (DNA TEST KIT HK-40-23) উদ্ধার করা হয়। হাবিলদার মো. তৌফাজ্জল হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উদ্ধারকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ৫০ লাখ ২৯ হাজার টাকা।
এছাড়া একই দিন রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের গয়েশপুর বিওপি পৃথক একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ৬৮/৫-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশেরঅভ্যন্তরে জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের উত্তরপাড়া মাঠে আব্দুর রহমানের আমবাগান থেকে ৩৮৮টি ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সুবেদার মো. আব্দুর রাজ্জাক।

বিজিবি জানায়, উভয় ক্ষেত্রেই চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা ডিএনএ টেস্ট কিট ও ভায়াগ্রা ট্যাবলেট জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন,সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে। সীমান্তকে চোরাচালানমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *