চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা শহরে মাদকবিরোধী অভিযানে আসমা বেগম (৪০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতের সামারি ট্রায়ালে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি যৌথ দল শহরের পৌর এলাকার গুলশানপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আসমা বেগমের কাছ থেকে ৪ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে আদালতে সোপর্দ করা হলে সামারি ট্রায়ালে দোষী সাব্যস্ত করে আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আসমা বেগম (৪০) চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ার বাসিন্দা এবং মেরাজ হোসেন দিপুর স্ত্রী।
পুলিশ সূত্র জানায়, মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আসমা বেগমকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাৎক্ষণিক বিচার শেষে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক সংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করা হয়েছে।