জীবননগর-মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ, সিরাপ, ভায়াগ্রা ও ঔষধ উদ্ধার

জীবননগর অফিস:

ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তে পৃথক চারটি মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় মদ, ফেনসিডিলজাতীয় সিরাপ, ভায়াগ্রা এবং বিপুল পরিমাণ ঔষধ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) আওতাধীন বিজিবি ক্যাম্পের সদস্যরা । এসব অভিযানে কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, সোমবার (৩ আগস্ট) রাত  ১২.৫০ মিনিটে মহেশপুর উপজেলার যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৫০/২-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেতবাড়িয়া এলাকায় মো. শাহাবুদ্দিনের পাটক্ষেতের পাশ থেকে সুবেদার মো. আব্দুস সালামের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

একই দিন সকাল ৬.২০ মিনিটে জীবননগর উপজেলার মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬৩/৫-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেদিনীপুর গ্রামের আব্বাস মিয়ার আমবাগানে হাবিলদার মো. কাউসার হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় দুটি বাইসাইকেলসহ ৭২ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়।

এদিকে, সোমবার রাত ১২.৫৫ মিনিটে দর্শনা নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৫/২-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠে জলিলের মরিচক্ষেত থেকে হাবিলদার মো. জিয়াউর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪ বোতল ভারতীয় সিরাপ এবং ৩৫২ পিস ভায়াগ্রা উদ্ধার করা হয়।

এর আগে, রবিবার (২ আগস্ট) রাত  ৯.৫০ মিনিটে জীবননগর উপজেলার নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬৬/৩-এস থেকে প্রায় ১৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলম মিয়ার আমবাগানে হাবিলদার মো. পারকার সাজ্জাদের নেতৃত্বে পরিচালিত চোরাচালানবিরোধী অভিযানে আসামীবিহীন অবস্থায় ১ হাজার ৯৫০ পিস ভারতীয় ঔষধ আটক করা হয়।

উদ্ধার করা মাদকদ্রব্য, ঔষধ ও অন্যান্য আলামত জব্দ করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। তিনি আরো   জানান,মাদক ও চোরাচালানের বিরুদ্ধে অভিযান  অব্যাহত থাকবে। সেই ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *