অপুদাস,ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শতাধিক প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করার লক্ষ্যে গোল্ডেন এগ্রোভেট লিমিটেডের উদ্যোগে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে উপজেলার রঘুনাথপুর গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দিপন, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, গোল্ডেন এগ্রোভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহিদ হাসানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়তা করে। তাই শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ করা প্রয়োজন।
আলোচনা সভা শেষে উপজেলার শতাধিক প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ব্যবহারের জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের হাতে ব্যাট, বল, ফুটবলসহ বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় আয়োজকরা জানান, শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী সরবরাহের ফলে শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ পাবে এবং তাদের প্রতিভা বিকাশে এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।