আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:
সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা কমানো এবং ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহ জেলা ট্রাফিক পুলিশ ও নিরাপদ সড়ক আন্দোলন, ঝিনাইদহ জেলা শাখার যৌথ উদ্যোগে লেন ম্যানেজমেন্ট কার্যক্রম পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ঝিনাইদহ শহরের পায়রা চত্বর থেকে কেসি কলেজ পর্যন্ত সড়কে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে জেলা ট্রাফিক পুলিশের সদস্যদের পাশাপাশি নিরাপদ সড়ক আন্দোলনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
কার্যক্রমে ধীরগতির যানবাহনকে নির্ধারিত ‘স্লো লেন’ এবং দ্রুতগতির যানবাহনকে ‘ফাস্ট লেন’ ব্যবহার করতে উদ্বুদ্ধ করা হয়। ভুল লেনে চলাচলকারী যানবাহনকে তাৎক্ষণিকভাবে সঠিক লেনে চলার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি চালক ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত স্থান দিয়ে সড়ক পারাপার, অপ্রয়োজনে লেন পরিবর্তন না করা এবং ট্রাফিক সিগন্যাল অনুসরণের বিষয়ে সচেতন করা হয়।
নিরাপদ সড়ক আন্দোলন, ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মো. সজিব হোসেন বলেন, নিরাপদ সড়ক প্রতিষ্ঠা সবার সম্মিলিত দায়িত্ব। জনসচেতনতা সৃষ্টি ও ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংগঠনের সাধারণ সম্পাদক সাজিদ মাহমুদ বলেন, লেন শৃঙ্খলা না মানাই সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। তাই চালক ও সাধারণ মানুষের মধ্যে সঠিক লেন ব্যবহারের গুরুত্ব তুলে ধরতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা ট্রাফিক ইন্সপেক্টর মো. মশিউর রহমান বলেন, ট্রাফিক আইন বাস্তবায়নের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহযোগিতায় সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা আরও সহজ হবে।
এ সময় নিরাপদ সড়ক আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীদের পাশাপাশি ঝিনাইদহ জেলা ট্রাফিক পুলিশের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।