সম্মিলিত প্রচেষ্টায় ভালো ফলাফল সম্ভব–সাইদুর রহমান বাবু
জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার এমপিওভুক্ত আন্দুলবাড়ীয়া কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় কলেজের শিক্ষক মিলনায়তনের হলরুমে এ সভার আয়োজন করা হয়। এতে কলেজের অধ্যক্ষ এসএম এনায়েতুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি, আন্দুলবাড়ীয়া কলেজ পরিচালনা এডহক কমিটির সাবেক সভাপতি এবং প্রস্তাবিত এডহক কমিটির সভাপতি সাইদুর রহমান বাবু।
প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাবু বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সহযোগিতা এবং এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কলেজের শিক্ষার পরিবেশ উন্নত করার পাশাপাশি শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন সম্ভব।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবের বাইরে রেখে শিক্ষার পরিবেশ সমুন্নত রাখতে হবে। হিংসা-বিদ্বেষ, ভেদাভেদ ও গ্রুপিং পরিহার করে রাজনৈতিক মতাদর্শ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কলেজের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।
আগামী শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি বাড়ানোর পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল ও পিছিয়ে থাকা শিক্ষার্থীদের যথাযথ পরিচর্যার মাধ্যমে মেধাবী ও যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান সাইদুর রহমান বাবু। এ সময় সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
বক্তব্যে তিনি আন্দুলবাড়ীয়া গ্রামের কৃতী সন্তান, বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ, জেলা বিএনপি ও বিজিএমইএর সভাপতি এবং রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবুর প্রশংসা করেন। তার মাধ্যমে সরকারি-বেসরকারি উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা ও অনুদানের মাধ্যমে কলেজের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
সভায় কলেজের প্রতিষ্ঠাকালীন গভর্নিং বডির সভাপতি, সদস্য সচিব ও সদস্যবৃন্দসহ বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকারী পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে প্রয়াত সাবেক সভাপতি, সদস্য, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়।
সভায় স্বাগত ও সমাপনী বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ এসএম এনায়েতুল হক। এ সময় শিক্ষক-শিক্ষিকারা কলেজের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি ও ফলাফল উন্নয়ন, ভর্তি কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে খোলামেলা মতামত তুলে ধরেন।
মতবিনিময় সভায় আন্দুলবাড়ীয়া কলেজের প্রভাষক-প্রভাষিকা, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।