দুই সন্তান নিয়ে অসহায় জীবনযাপনের দাবি, আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন ভুক্তভোগী
জীবননগর অফিস:
জীবননগর উপজেলায় কৃষ্ণপুর গ্রামে বড় বোনের বিরুদ্ধে নিজ আপন ছোট বোনের স্বামীর সাথে পরকীয়া সম্পর্কের অভিযোগ এনে লিখিত অভিযোগ করেছেন এক নারী। অভিযোগে তিনি দাবি করেছেন,স্বামী ও বড় বোনের কথিত সম্পর্কের কারণে তিনি বর্তমানে দুই শিশু সন্তানকে নিয়ে অসহায় মানবেতর জীবনযাপন করছেন।
ভুক্তভোগী নারী কাঞ্চনমালা(৩০)জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা এবং বর্তমানে পশ্চিম বাড়ান্দী বাবা-মায়ের বসতভিটায় বসবাস করছেন বলে অভিযোগ সুত্রে জানা যায়।তার স্বামী নজরুল ইসলাম(৩৫) এবং বড় বোন আসমা খাতুন(৪৫)-এর বিরুদ্ধে তিনি এ অভিযোগ করেছেন।
অভিযুক্ত নজরুল ইসলাম তার স্বামী এবং আসমা খাতুন তার বড় বোন।তার দাবি,এর আগে নজরুল ইসলাম ও আসমা খাতুনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরবর্তীতে তারা একে অপরকে বিয়ে করেন। কিছুদিন সংসার করার পর তাদের সেই বিবাহ বিচ্ছেদ হয় বলেও অভিযোগে দাবি করা হয়েছে।বিবাহ বিচ্ছেদের পরও অভিযুক্ত দুজনের মধ্যে যোগাযোগ ও কথিত সম্পর্ক অব্যাহত থাকে। একপর্যায়ে তারা আবারও পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন এবং বর্তমানে ঢাকায় একসঙ্গে বসবাস করছেন বলে তিনি অভিযোগ করেছেন।
কাঞ্চনমালার অভিযোগ,স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার পর তিনি তার দুই শিশু সন্তানকে নিয়ে অসচ্ছল পিতামাতার বাড়িতে আশ্রয় নিয়েছেন। সেখানে সন্তানদের নিয়ে তাকে চরম আর্থিক সংকট ও মানবেতর পরিস্থিতির মধ্যে দিন কাটাতে হচ্ছে।
অভিযোগে আরও বলা হয়,বিষয়টি নিয়ে অভিযুক্তদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তারা অভিযোগকারীর সঙ্গে সহযোগিতামূলক আচরণ করেননি,বরং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে কোনো লাভ হবে না—এমন কথাও বলা হয়েছে বলে অভিযোগ করেছেন কাঞ্চনমালা।
অভিযোগকারী আরও জানান, গত ৮ আগস্ট সকাল ১১টার দিকে তিনি অভিযুক্তদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে ওই সময় তারা তার ফোন রিসিভ করেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় নিজের ও দুই শিশু সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কাঞ্চনমালা। তিনি অভিযোগটির যথাযথ তদন্ত,ঘটনার সত্যতা যাচাই এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।
তবে অভিযোগে উত্থাপিত এসব বক্তব্যের বিষয়ে অভিযুক্ত নজরুল ইসলাম ও আসমা খাতুনের বক্তব্য তাৎক্ষণিক ভাবে পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।তবে স্থানীয়দের সাথে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ বলেন,ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।