ঝিনাইদহ প্রতিনিধি:
দৈনিক ইনকিলাবের ঝিনাইদহ প্রতিনিধি আসিফ কাজলকে পত্রিকাটির স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। দীর্ঘদিনের সাংবাদিকতা, মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ, অনুসন্ধানী প্রতিবেদন ও পেশাগত অভিজ্ঞতার ভিত্তিতে ইনকিলাব কর্তৃপক্ষ তাকে এ দায়িত্ব দিয়েছে।
তিন দশকের বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন আসিফ কাজল। ঝিনাইদহসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন। কৃষি ও গ্রামীণ অর্থনীতি, সীমান্ত পরিস্থিতি, আইনশৃঙ্খলা, মাদক, প্রশাসন, বিচার বিভাগ, র্যাব-বিজিবির অভিযানসহ বিভিন্ন বিষয়ে তার প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
সাংবাদিকতার পাশাপাশি ঝিনাইদহের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে তার লেখা বিভিন্ন ফিচার ও প্রতিবেদনও প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে।
পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন সময়ে নানা মামলার মুখোমুখি হওয়ার কথাও জানা গেছে। দুর্নীতি, মাদক ও বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে তার বিরুদ্ধে একাধিক মামলা করা হয়। ২০০৯ সালে দুর্নীতিবিরোধী কয়েকটি প্রতিবেদন প্রকাশের পরও তার বিরুদ্ধে মামলা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। এছাড়া কালীগঞ্জে রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের ঘটনায় দৈনিক যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার রহমান সোহাগের সঙ্গে আসিফ কাজলের বিরুদ্ধেও মামলা করা হয়েছিল। ওই ঘটনায় স্থানীয় সাংবাদিকরা প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
শৈলকুপা হাটের জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশের পরও তার বিরুদ্ধে মামলা করা হয়। একইভাবে মাদকবিরোধী প্রতিবেদন প্রকাশকে কেন্দ্র করে ‘সেল্টার’ নামের একটি এনজিওর পরিচালকের করা মামলায়ও তাকে আসামি করা হয় বলে জানা গেছে। সংশ্লিষ্টদের দাবি, এসব মামলার কয়েকটি পরবর্তীতে আদালতে খারিজ হয়ে যায়।
সহকর্মীরা জানান, দীর্ঘ সাংবাদিকতা জীবনে আসিফ কাজল মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশে পেশাগত নীতিমালা অনুসরণের চেষ্টা করেছেন। তার পদোন্নতিতে ঝিনাইদহ প্রেস ক্লাবের সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা সন্তোষ প্রকাশ করেছেন।
সহকর্মীদের প্রত্যাশা,নতুন দায়িত্বে আসিফ কাজল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবন-জীবিকা,সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নসংক্রান্ত বিষয়গুলো আরও ব্যাপকভাবে জাতীয় গণমাধ্যমে তুলে ধরবেন।
আসিফ কাজল এর আগে দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার এবং বাংলাদেশ টেলিভিশনের জেলা সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া আন্তর্জাতিক বার্তা সংস্থা ইউএনবি, ঝিনাইদহ থেকে প্রকাশিত দৈনিক নবচিত্র,যশোরের দৈনিক লোকসমাজ এবং চুয়াডাঙ্গার দৈনিক সময়ের সমীকরণসহ বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিক হিসেবে কাজ করেছেন।