ঝিনাইদহে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে কমিউনিটি অ্যাকশন মিটিং

অপুদাস,ঝিনাইদহ প্রতিনিধি:

মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে ঝিনাইদহে কমিউনিটি অ্যাকশন মিটিং অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বিকেল ৪টায় ঝিনাইদহ সদর উপজেলার ঝপঝপিয়া গ্রামে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত অ্যাকটিভ সিটিজেন গ্রুপের (এসিজি) উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সনাক ঝিনাইদহের সভাপতি এন. এম. শাহজালাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সনাকের মাধ্যমিক শিক্ষা উপকমিটির সদস্য সুরাইয়া পারভীন মলি। স্বাগত বক্তব্য দেন অ্যাকটিভ সিটিজেন গ্রুপের (এসিজি) সমন্বয়ক পাপেল মিয়া।

সভায় স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী অংশ নিয়ে আনোয়ার জাহিদ মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও উন্নয়নের সম্ভাব্য ক্ষেত্র তুলে ধরেন। একই সঙ্গে এসব সমস্যা সমাধানে করণীয় বিষয়ে মতামত দেন তারা।

সভায় সনাকের সদস্যরা জানান, কমিউনিটি অ্যাকশন মিটিংয়ে উঠে আসা সমস্যা ও সুপারিশগুলো পরবর্তী অধিপরামর্শ সভার মাধ্যমে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে। এর মাধ্যমে বিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে।

উল্লেখ্য, অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) একটি স্থানীয় নাগরিক প্লাটফর্ম। সংগঠনটি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আনোয়ার জাহিদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে কাজ করে আসছে। কমিউনিটি অ্যাকশন মিটিংসহ এসিজির বিভিন্ন উদ্যোগ বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে সেতুবন্ধন হিসেবে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *