বিশেষ প্রতিনিধি:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক পার হতে গিয়ে দ্রুতগতির অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোছাঃ মাহফুজা খাতুন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের ডম্বলপুর ক্যানেলের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহফুজা খাতুন আলমডাঙ্গা উপজেলার ডাউকী ইউনিয়নের মাজু গ্রামের মো. মামুন আলীর মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে মাহফুজা তার মায়ের সঙ্গে উপজেলার ডম্বলপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে। শনিবার বাড়ির কাছেই খেলাধুলা করছিল সে। একপর্যায়ে রাস্তা পার হয়ে ক্যানেলের অপর পাশে ছিন্নি খেতে যায়। ছিন্নি খেয়ে ফেরার সময় আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়ক পার হতে গেলে কুষ্টিয়াগামী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দেয়।
অ্যাম্বুলেন্সের ধাক্কায় শিশুটি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাহফুজার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ডম্বলপুর ও আশপাশের এলাকায় শোকের ছায়া নানাবাড়িতে বেড়াতে এসে এভাবে প্রাণ হারানোয় স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোক।
এলাকাবাসীর অভিযোগ, আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের ডম্বলপুর অংশে যানবাহন দ্রুতগতিতে চলাচল করে। ফলে শিশু ও পথচারীদের রাস্তা পারাপারে প্রায়ই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। মাহফুজার মর্মান্তিক মৃত্যুর পর স্থানীয়রা সড়কে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং শিশুদের নিরাপদে রাস্তা পারাপার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একটি ছোট্ট শিশুর প্রাণহানির মধ্য দিয়ে আবারও সামনে এসেছে সড়কে নিরাপত্তার প্রশ্ন। স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতে যেন মাহফুজার মতো আর কোনো শিশুকে এভাবে অকালে প্রাণ হারাতে না হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।