জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামে রাস্তার ওপর ময়লা ফেলার প্রতিবাদ করাকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রিয়াজ, সুখী, ফারুক ও আশুরাসহ চারজন ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার করেন চিকিৎসকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় নতুনপাড়া গ্রামের একটি সড়কের ওপর ময়লা ফেলা নিয়ে কয়েকজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিষয়টি উত্তেজনাকর পরিস্থিতিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, পরে কয়েকজন দেশীয় অস্ত্র ও হাসুয়া নিয়ে হামলা চালালে চারজন আহত হন।
হামলায় আহতদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে কাটা ও জখমের চিহ্ন রয়েছে। ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহতদের স্বজনরা অভিযোগ করে বলেন, রাস্তার ওপর ময়লা ফেলার মতো একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটির জেরে ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি হামলায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দারাও এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, “ঘটনাটি আমি শুনেছি। বাদীপক্ষ মামলা করলে বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর নতুনপাড়া এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।