ঝিনাইদহে বাসের ধাক্কায় হোটেল শ্রমিক নিহত

কোটচাঁদপুর প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় নুর ইসলাম (৫০) নামে এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে শহরের আমবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর ইসলাম কোটচাঁদপুর শহরের কলেজ স্ট্যান্ড পাড়ার মৃত আমছার আলীর ছেলে।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে বাড়ি থেকে কর্মস্থলের একটি হোটেলে যাওয়ার জন্য বের হন নুর ইসলাম। পরে শহরের আমবাজার এলাকায় পৌঁছে রাস্তা পার হওয়ার সময় চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী ‘দর্শনা ডিলাক্স’ পরিবহনের একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
প্রত্যক্ষদর্শী খন্দকার সোহেল রানা জানান, নুর ইসলাম রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘দর্শনা ডিলাক্স’ পরিবহনের বাসটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে কোটচাঁদপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *