ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের সামনে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বরিশাল থেকে দর্শনাগামী নিউ মডার্ন পরিবহনের একটি বাসে অভিযান চালানো হয়। এ সময় বাসে তল্লাশি চালিয়ে ১১টি বান্ডিলে রাখা ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল হাটগোপালপুর এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসায়। পরে সন্দেহভাজন বাসটিতে তল্লাশি চালিয়ে গাঁজাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সারিয়াকান্দি গ্রামের লাল মিয়ার ছেলে ফয়সাল (৩৭)। তিনি বর্তমানে
ঝিনাইদহ পৌরসভার আরাপপুর এলাকায় বসবাস করেন। অপর আটক ব্যক্তি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বহলবাড়িয়া গ্রামের জমির হোসেনের স্ত্রী। তিনি বর্তমানে কুষ্টিয়া পৌরসভার কদমতলা হাউজিং এলাকায় বসবাস করছেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।