শহিদুল ইসলাম,মহেশপুর(ঝিনাইদহ):
ঝিনাইদহের মহেশপুরে পুলিশের পৃথক দুটি অভিযানে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মহেশপুর থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আদালতের পরোয়ানাভুক্ত মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে এএসআই মো. সাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ফতেপুর ইউনিয়নের গোয়ালহুদা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বসতবাড়ি থেকে মো. মিজানুর রহমান (৪৬) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিজানুর রহমান গোয়ালহুদা গ্রামের মৃত জব্বারের ছেলে। পুলিশ জানায়, ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের (এনআই অ্যাক্ট) ১৩৮ ধারায় দায়ের করা সিআর মামলায় তিনি সাজাপ্রাপ্ত এবং তার বিরুদ্ধে আদালতের পরোয়ানা জারি ছিল। তার বিরুদ্ধে সিআর সাজা-৪৮/১৯ ও এসসি-৮৬১/১৯ নম্বর মামলা রয়েছে।
অন্যদিকে, এর আগে বুধবার (১০ সেপ্টেম্বর) এএসআই মো. শরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের আরেকটি দল উপজেলার কৃষ্ণচন্দ্রপুর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে জিআর পরোয়ানাভুক্ত মামলার আসামি **মো. রানা (১৭)**কে গ্রেপ্তার করা হয়। রানা কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মো. মসিয়ারের ছেলে। তার বিরুদ্ধে মহেশপুর জিআর-১৪৬/২৬ নম্বর মামলা রয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজাদ রহমান জানান, পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আদালতের পরোয়ানাভুক্ত মামলা রয়েছে। তাদের গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে মহেশপুর থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।