প্রসূতি মৃত্যুর পর জীবননগরে নিউসেবা ক্লিনিক সিলগালা ৫ হাজার টাকা জরিমানা,আগের সব অভিযোগ খতিয়ে দেখবে প্রশাসন

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগর শহরে এক প্রসূতি মৃত্যুসহ বিভিন্ন অভিযোগের পর একটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার(১২ সেপ্টেম্বর)সকাল ১০টার দিকে জীবননগর উপজেলা শহরের নিউসেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানী অভিযান পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিউসেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. সুজাউদ্দীন (৫২)। অভিযানকালে প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি(নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২-এর ১৩ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

প্রশাসন সূত্রে আরও জানা যায়,শুক্রবার(১১ সেপ্টেম্বর) ওই ক্লিনিকে চিকিৎসা নিতে গিয়ে বিথি খাতুন (৩০)নামে এক প্রসূতির মৃত্যু হয়।তিনি জীবননগর উপজেলার পুরাতন তেতুলিয়া গ্রামের মো. সুমন আলীর স্ত্রী। এ ঘটনাকে কেন্দ্র করে ক্লিনিকটির চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন ওঠে। এর আগেও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

প্রসূতি মৃত্যুর ঘটনাসহ পূর্বের অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় বলে জানা গেছে।

প্রসূতি মৃত্যুর ঘটনায় স্বজনদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং ক্লিনিকটির চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় অনুমোদনসহ অন্যান্য বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া সুলতানা এ্যানী বলেন,নিয়ম-নীতির ব্যত্যয় ও অভিযোগের পরিপ্রেক্ষিতে নিউসেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়েছে। বিধি অনুযায়ী প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে এবং সিলগালা করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *