জীবননগর উথলীতে নিখোঁজের ৫ দিন পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর মামুন হোসেন (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উথলী গ্রামের একটি পুকুরপাড়ের গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মামুন হোসেন উথলী গ্রামের আখ সেন্টারের নিকটবর্তী এলাকার আনসার আলীর ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মামুন নিখোঁজ ছিলেন। তিনি বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং এদিক-সেদিক ঘুরে বেড়াতেন। নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। আজ সকালে স্থানীয় লোকজন পুকুরপাড়ের একটি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীন অবস্থায় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

জীবননগর থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *