ঝিনাইদহে বিএসটিআইয়ের অভিযান: ৪ প্রতিষ্ঠানকে সাড়ৈে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা

 

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত জেলা প্রশাসন ও বিএসটিআই কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। এ সময় বিএসটিআই কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার খাইরুল ইসলাম, পরিদর্শক (মেট্রোলজি) মামুনুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, শহরের চাকলাপাড়ার প্রভাতী পিওর ড্রিংকিং অ্যান্ড টয়লেট্রিজকে মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়াই লিকুইড হ্যান্ডওয়াশ, লিকুইড ডিশওয়াশ ও প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদনের অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অগ্রিবীণা সড়কের অয়ন স্টিল কর্নারকে ব্যবহৃত ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া পোস্ট অফিস মোড়ের সোমা দধি অ্যান্ড মিষ্টিকে উৎপাদিত মিষ্টিজাতীয় পণ্যে যথাযথ উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, মদিনা সুইটস অ্যান্ড পেস্ট্রি শপকে ফার্মেন্টেড মিল্ক, সুইটমিট ও ডেকোরেটেড কেক পণ্যের বাধ্যতামূলক মান সনদ গ্রহণ না করে আবেদনের বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআই কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয় জানিয়েছে, জনস্বার্থে পণ্যের গুণগত মান নিশ্চিত করা এবং ওজন ও পরিমাপের সঠিকতা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *