জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগরে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, ম্যানেজার এবং ল্যাব ইনচার্জদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা ও বিভিন্ন স্বাস্থ্যসেবা-সংক্রান্ত বিষয়ে মতবিনিময়ের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জীবননগর উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, যশোর শাখার উদ্যোগে আয়োজিত সভায় জীবননগর শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, ম্যানেজার ও ল্যাব ইনচার্জরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে সিনা ট্রাস্টের সিনিয়র এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ আশরাফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান শিপলু ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম কাজল। এছাড়া ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, যশোর শাখার ডেপুটি ডাইরেক্টর ডা. মোহাম্মাদ আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় স্থানীয় পর্যায়ে বেসরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে রোগীদের সেবার মান আরও উন্নত করা, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি এবং আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয় উঠে আসে।
সভায় অংশ নেওয়া হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা স্থানীয় স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এ সময় সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।