মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে গুরুত্বারোপ
জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা, জীবননগর থানার ওসি (অপারেশন) আবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমির মাওলানা শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহফুজুর রহমান, পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, জামায়াতে ইসলামীর পৌর আমির হাফেজ ফিরোজ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার, শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, সমবায় কর্মকর্তা নুর আলম, হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মার্জা হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, প্লাস্টিকের ব্যবহার কমানো, মানব পাচার প্রতিরোধ এবং আত্মহত্যার প্রবণতা রোধসহ স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে সচেতনতা সৃষ্টি, মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আমন্ত্রিত অতিথি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।