জীবননগর আন্দুলবাড়ীয়া কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ ও এডহক কমিটির সংবর্ধনা

জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ঐতিহ্যবাহী আন্দুলবাড়ীয়া কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ,কলেজ পরিচালনা এডহক কমিটির সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা এডহক কমিটির পুনর্নির্বাচিত সভাপতি সাইদুর রহমান বাবু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি,আন্দুলবাড়ীয়া কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান (খোকন)। তিনি বলেন,ভালো ফলাফল ও শিক্ষার মানের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম তৈরি করতে পারলে ভবিষ্যতে শিক্ষার্থী ভর্তি নিয়ে বাড়ি বাড়ি যেতে হবে না।তার আশা কলেজটি ভালো ফলাফল ও শিক্ষার পরিবেশের মাধ্যমে এমন অবস্থানে পৌঁছাবে,যেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভর্তি হতে আগ্রহী হবে।

বক্তব্যে তিনি দেশের শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে তার রাজনৈতিক মতামতও তুলে ধরেন এবং অতীত সরকারের সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়ম,দুর্নীতি, স্বজনপ্রীতি ও নিয়োগ-বাণিজ্যের অভিযোগ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির,আন্দুলবাড়ীয়া কলেজের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন,একসময় সন্ধ্যার পর শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ ছিল দৃশ্যমান; বর্তমানে টেলিভিশন ও মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার শিক্ষার্থীদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান,ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির হারুন অর-রশিদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান প্রার্থী আজিম খান,

ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোল্লা হাসিবুল হোসেন শান্ত,আর্গন এনিমেল হেলথ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও তরুণ উদ্যোক্তা সাদিকুর রহমান সাদিক,আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলী হোসেন এবং আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলীম মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ডা. মো:রফিকুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ এস.এম.এনায়েতুল হক,এডহক কমিটির সাবেক অভিভাবক সদস্য ফজলুর রহমান খান,শিক্ষক প্রতিনিধি ও জীব বিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক হাসানুজ্জামান খান পলাশ,সাবেক শিক্ষক প্রতিনিধি ও হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক এমাজ উদ্দীন আহমেদ মিল্টন এবং অর্থনীতি বিভাগের প্রভাষক বাবুল হোসেন মুকুল।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন প্রথম বর্ষের ছাত্রী বর্ণ ভৌমিক এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সোহানা খাতুন ও মাহফুজুর রহমান মাহফুজ। অনুষ্ঠানে ইংরেজিতে বক্তব্য দিয়ে উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করেন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মোল্লা লিফাত হোসেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জবা। পরে কলেজের পক্ষ থেকে অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা নবাগত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফুল ছিটিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়।

অনুষ্ঠানে নবগঠিত এডহক কমিটির অভিভাবক সদস্য ও আন্দুলবাড়ীয়া বাজারের ব্যবসায়ী মোল্লা মো. মনিরুজ্জামান সুজন,আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ হাফিজুর রহমান হাফিজ,আন্দুলবাড়ীয়া ইউনিয়ন লোকমোর্চার সভাপতি শেখ সেকেন্দার আলীসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি,শিক্ষক,মাদরাসার শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি কলেজের সব বিভাগের প্রভাষক-প্রভাষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন আন্দুলবাড়ীয়া কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আলমগীর কবির ও অফিস সহায়ক জাহিদুল ইসলাম মামুন।

নবাগত শিক্ষার্থীদের উৎসাহিত করতে অনুষ্ঠানে বিভিন্ন উদ্যোগের কথাও জানানো হয়। আর্গন এনিমেল হেলথ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও তরুণ উদ্যোক্তা সাদিকুর রহমান (সাদিক)-এর পক্ষ থেকে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের প্রত্যেককে একটি প্যাড, দুটি কলম, একটি স্কেল ও একটি প্লাস্টিক ফাইল দেওয়া হয়।

এ ছাড়া কলেজের নবীন শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি উৎসাহিত করতে একটি পুরস্কার কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। কলেজ পরিচালনা এডহক কমিটির সাবেক অভিভাবক সদস্য ও খান কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক ফজলুর রহমান খান জানান, শতভাগ ক্লাসে উপস্থিত থাকা শিক্ষার্থীদের একটি ল্যাপটপ এবং ৮০ শতাংশ উপস্থিতি থাকা শিক্ষার্থীদের পুরস্কার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানের শেষ পর্বে কলেজের শান্তি, অগ্রগতি ও সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক আবুল খায়ির।

পরে অতিথি, এডহক কমিটির সদস্য,অধ্যক্ষ,শিক্ষক-কর্মচারী এবং প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা একসঙ্গে প্রীতিভোজে অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়,কলেজ পরিচালনা এডহক কমিটির সভাপতি সাইদুর রহমান বাবু ও অভিভাবক সদস্য মোল্লা,মনিরুজ্জামান সুজন ব্যক্তিগত অর্থায়নে অনুষ্ঠানের আয়োজন করেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *