অপুদাস,ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে যাওয়ার পথে আলমসাধুর সঙ্গে সংঘর্ষে সুলেমান (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই কিশোর ও আলমসাধুর চালক আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা বালুরগর্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলেমান মহেশপুর উপজেলার শ্যামনগর গ্রামের নূর হোসেনের ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে পাঁচটি মোটরসাইকেলে করে একদল বন্ধু দেবীপুর এলাকায় ঘুরতে যাচ্ছিল। পথে পাতিবিলা বালুরগর্ত এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন এবং আলমসাধুর চালক আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুলেমানকে মৃত ঘোষণা করেন। আহত তানজিন (১৫) ও ফরহাদ (১৬)-এর অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়েছে। আহত আলমসাধুর চালকও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় কয়েকজন জানান, মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে দুর্ঘটনায় সুলেমানের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে, কিশোর সুলেমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার পরিবার, স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।