দর্শনা প্রতিনিধ:
চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকায় অভিযান চালিয়ে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে তাদের সংক্ষিপ্ত বিচারের জন্য আদালতে হাজির করা হলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রত্যেককে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
আটক ব্যক্তিরা হলেন—মো. মুক্তার আলী (৩০), পিতা মো. কাসেম আলী, মাতা মোছা. আলেমান বেগম, সাং বড় শলুয়া (ছাবড়া পাড়া) এবং মো. সেলিম মিয়া (৩৩), পিতা মো. শওকত আলী, মাতা মোছা. সেলিনা বেগম, সাং বড় শলুয়া (সেন্টার পাড়া)। তাদের উভয়ের থানা দর্শনা, জেলা চুয়াডাঙ্গা।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিঃ) আনিছুর জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
সোমবার (৫ অক্টোবর) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে দর্শনা থানাধীন হিজলগাড়ী কোটালী গ্রামের মাঠসংলগ্ন চার রাস্তার মোড়ে পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটকের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে উপস্থাপন করা হয়। শুনানি শেষে আদালত দুজনকে এক বছর করে সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালতের আদেশে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দর্শনা থানা এলাকায় মাদকদ্রব্যের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।