কোটচাঁদপুরে সফলতার স্বাক্ষর রেখে নতুন কর্মস্থলে সোহেল রানা

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:-
ঝিনাইদহের কোটচাঁদপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে প্রায় ১১ মাস দায়িত্ব পালন করে সফলতার স্বাক্ষর রেখে নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন মোঃ সোহেল রানা। সোমবার তিনি খুলনার ডুমুরিয়া উপজেলায় নতুন কর্মস্থলে যোগদান করেন।

মোঃ সোহেল রানা ২৫ সালের ২৯ অক্টোবর কোটচাঁদপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন এবং সরকারি সম্পদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

দায়িত্ব পালনকালে তিনি নিয়মিত ভূমি সেবা কার্যক্রম,মোবাইল কোর্ট পরিচালনা, মাদক বিরোধী অভিযান, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে সক্রিয় ছিলেন। বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা তৈরিতেও তিনি ভূমিকা রাখেন।

বিশেষ করে মাদকবিরোধী অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং বিভিন্ন অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার কারণে স্থানীয় পর্যায়ে তার কর্মতৎপরতা দৃশ্যমান ছিল। একই সঙ্গে ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে আন্তরিক আচরণ এবং দ্রুততার সঙ্গে সেবা দেওয়ার চেষ্টা তাকে সেবাপ্রত্যাশীদের কাছে গ্রহণযোগ্য করে তোলে।

কর্মকর্তার হঠাৎ বদলির আদেশ আসায় কোটচাঁদপুরে তার দায়িত্ব পালনের অধ্যায়ের সমাপ্তি ঘটে। এরপর সোমবার তিনি খুলনার ডুমুরিয়ায় পরবর্তী কর্মস্থলে যোগদান করেন।

তার বদলির খবরে কোটচাঁদপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে একদিকে যেমন নতুন কর্মস্থলের জন্য শুভকামনা, অন্যদিকে তেমনি একজন কর্মঠ ও জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তাকে হারানোর আক্ষেপ দেখা গেছে।

স্থানীয়দের প্রত্যাশা, কোটচাঁদপুরে দায়িত্ব পালনকালে অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে নতুন কর্মস্থল ডুমুরিয়ায় মোঃ সোহেল রানা জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। বিদায় বেলায় কোটচাঁদপুরবাসীর পক্ষ থেকে তার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও নতুন কর্মস্থলের সফলতার প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *