জীবননগরে ৫৪ শিক্ষার্থীর মৌলিক স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগরে শিক্ষার্থীদের মৌলিক স্বাস্থ্যজ্ঞান বৃদ্ধি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জীবননগর ইউনিটের বাস্তবায়নে এবং জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ৫৪ জন শিক্ষার্থী অংশ নেয়।
রোববার (১১ অক্টোবর) বিদ্যালয়ের মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিক। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক গাজী মোমিন উদ্দীন।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন রেড ক্রিসেন্টের যুব প্রধান মোহাম্মদ রিয়াজ হাসান, উপ-যুব প্রধান-২ আকলিমা খাতুন, প্রশাসন, সংগঠন ও নিয়োগ বিভাগের ফাহিম আল ফাহাদ এবং স্বাস্থ্যসেবা বিভাগের তয়েবা খাতুন।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে শিক্ষার্থীদের মৌলিক স্বাস্থ্যবিষয়ক জ্ঞান ও প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পর্কে ধারণা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা দৈনন্দিন জীবনে স্বাস্থ্যসচেতনতা বজায় রাখা, প্রাথমিক স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা অনুধাবন এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ পায়।
সোমবার (১২ অক্টোবর) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণবিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে বিজয়ী প্রমিথি রায়, মারিয়া খাতুন ও মায়িশা খাতুন পুরস্কার লাভ করে।
শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পর্কে ব্যবহারিক জ্ঞান ছড়িয়ে দিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে এ উদ্যোগ শিক্ষার্থীদের স্বাস্থ্যবিষয়ক সচেতনতা গড়ে তোলার পাশাপাশি পরিবার ও সমাজেও স্বাস্থ্যসচেতনতার বার্তা পৌঁছে দিতে সহায়ক হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *