জীবননগরে তিন ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ও পরিবারভিত্তিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে একযোগে তিনটি ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় মনোহরপুর ইউনিয়নসংলগ্ন আদিবাসী পাড়ায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম। তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন এবং পরিবারগুলোর আর্থিক নিরাপত্তা জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সুপারভাইজার চান্দিনা ইয়াসমিন, উপজেলা যুবদলের সদস্যসচিব কামরুজ্জামান কামরুল, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা শাহিন মোল্লা এবং তিন ইউনিয়নের ফ্যামিলি কার্ড কার্যক্রমের সুপারভাইজার আফরোজা খাতুন।
বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করে তাঁদের কাছে সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে কার্ড বিতরণ ও কার্যক্রম পরিচালনায় শৃঙ্খলা বজায় রাখা এবং কোনো যোগ্য পরিবার যাতে সুবিধাবঞ্চিত না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান তাঁরা।
এ সময় কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাফিরুল হক জাফির, ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হোসেন, যুবদল নেতা সাইমুন ইসলাম রুবেল, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম তিসাস ও যুবদল নেতা সুজনসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *