আহম্মেদ সাগর,ঝিনাইদহ সদর প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার যাদবপুর গ্রামে দিনে-দুপুরে একটি বাড়ি থেকে পাঁচ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে শিরিনা নামে এক নারীর বিরুদ্ধে। গতকাল এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ঝিনাইদহ সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, যাদবপুর গ্রামের বাসিন্দা কোরবান আলী ও তাঁর স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে শিরিনা নামে ওই নারী আত্মীয়তার পরিচয়ে তাঁদের বাড়িতে যান। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি ঘর থেকে পাঁচ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা নিয়ে চলে যান বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।
অভিযুক্ত শিরিনা চুয়াডাঙ্গা সদর উপজেলার বলগাছি গ্রামের মিলন মিয়ার স্ত্রী বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে ভুক্তভোগী কোরবান আলী ও মধুহাটী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আয়ুব আলীর সঙ্গে কথা হয়। প্যানেল চেয়ারম্যান আয়ুব আলী বলেন, “কোরবান আলী একজন সহজ-সরল মানুষ। আত্মীয়তার সুযোগ নিয়ে শিরিনা নামের ওই নারী তাঁর বাড়ি থেকে নগদ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার নিয়ে চলে গেছেন বলে অভিযোগ রয়েছে।”
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ঝিনাইদহ সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
অভিযোগের সত্যতা যাচাই ও ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।