সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদে কালীগঞ্জে জামায়াতের মানববন্ধন

বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এমপি আবু তালিবের 

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:
সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ এবং তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও সার সংকটের প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জের মেইন বাসস্ট্যান্ডে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক-সংশ্লিষ্টতার অভিযোগ করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে আবু তালিব বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে বিএনপি সরাসরি জড়িত। এসব কর্মকাণ্ডের উদাহরণ দেখিয়ে দেওয়া সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। এমনকি গরু-ছাগল ও মহিষের ঘাস খাওয়ানোর ক্ষেত্রেও চাঁদা দাবি করা হচ্ছে বলে অভিযোগ করেন এই সংসদ সদস্য।

তিনি বলেন, বর্তমান সরকারের কাছে তাঁদের প্রত্যাশা ছিল, ক্ষমতায় আসার পর দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুষ ও নৈরাজ্য বন্ধ হবে। কৃষকেরা সময়মতো প্রয়োজনীয় সার পাবেন, তেল-গ্যাসের সংকট থাকবে না এবং সরকারি অফিসগুলো দলীয় কার্যালয়ে পরিণত হবে না। কিন্তু এসব প্রত্যাশা পূরণ হয়নি বলে অভিযোগ করেন তিনি।

আবু তালিব আরও বলেন, তেল, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রায় চাপ সৃষ্টি করছে। অন্যদিকে সার সংকট কৃষি উৎপাদনকে ব্যাহত করার আশঙ্কা তৈরি করছে। সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

তিনি বলেন, সরকার থেকে প্রত্যাশিত সহযোগিতা না পেয়ে তাঁরা জনগণকে সঙ্গে নিয়ে অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করতে চান। জনগণের অধিকার ও স্বার্থ ক্ষুণ্ন হলে জামায়াতে ইসলামী রাজপথে প্রতিবাদ গড়ে তুলবে বলেও জানান তিনি।

কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে আরও বক্তব্য দেন দলটির স্থানীয় নেতারা। প্রায় এক ঘণ্টাব্যাপী কর্মসূচিতে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির আব্দুল হক মোল্লা, পৌর মেয়র প্রার্থী লুৎফর রহমান, জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ওলিয়ার রহমান, মিডিয়া সম্পাদক ইকবাল হুসাইনসহ উপজেলা জামায়াতের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *