সিরাজুল ইসলাম,শৈলকুপা প্রতিনিধি:
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফন-কাফনে বাধা দেওয়ার প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে শৈলকুপা কবিরপুর মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের শৈলকুপা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফন-কাফনে বাধা দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
এ সময় বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফন-কাফনে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়, দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। যাঁদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাঁদের যথাযথ সম্মান ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্র ও সমাজের সবার দায়িত্ব। একজন বীর মুক্তিযোদ্ধার শেষ বিদায়েও এমন বাধা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর বাড়ি পিরোজপুর সদর উপজেলার ৫ নম্বর শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামে। গত ২৪ অক্টোবর ২০২৬ তিনি মৃত্যুবরণ করেন। অভিযোগ রয়েছে, তাঁর জানাজা ও দাফন-কাফনে বাধা দেওয়া হয়েছিল। পরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এ ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শৈলকুপায় এ কর্মসূচি পালন করেন মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানরা।