আগামী তিন মাস বাংলাদেশপন্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাশেদ খাঁনের

জামায়াত ও আওয়ামী লীগ দেশের সার্বভৌমত্ববিরোধী চক্রান্ত করছে বলে মন্তব্য

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ

আগামী তিন মাস জাতীয়তাবাদী শক্তি ও বাংলাদেশপন্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি অভিযোগ করে বলেছেন, একাত্তরের জামায়াত ও চব্বিশের আওয়ামী লীগ এক হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে। ভারতে অবস্থান করে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছেন বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (৮ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও র‍্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রাশেদ খাঁন।

তিনি বলেন, নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি—এই তিন মাস বিএনপি, যুবদলসহ জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন, তখন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে। ১৯৯৬ সালে জামায়াত ও আওয়ামী লীগ তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে যেভাবে চক্রান্ত করেছিল, এবারও একই ধরনের তৎপরতা দেখা যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে রাশেদ খাঁন বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ভারতের ইন্ধনে অভ্যুত্থানের অপচেষ্টা চালানো হয়েছিল বলে তিনি মনে করেন। বাংলাদেশকে ভারতের করদরাজ্যে পরিণত করার সেই নীলনকশা সিপাহি-জনতা রুখে দিয়েছিল।

তিনি আরও বলেন, ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান হয়েছে, ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদবিরোধী গণঅভ্যুত্থান হয়েছে এবং ২০২৪ সালেও গণঅভ্যুত্থান হয়েছে। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব সংঘটিত হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

এর আগে বিকেলে কালীগঞ্জ উপজেলা শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে যোগ দেন রাশেদ খাঁন। পরে দিবসটি উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, সাবেক সহসভাপতি তবিবুর রহমান মিন্নিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *