ঝিনাইদহে তিন মাসে ৯০ জনের আত্মহত্যা ৬০ জনই নারী

আহম্মেদ সাগর,ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে ৯০ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। তাঁদের মধ্যে ৬০ জন নারী ও ৩০ জন পুরুষ। জেলার ছয়টি উপজেলায় এসব ঘটনা ঘটে। জেলা প্রশাসন, পুলিশ সুপারের কার্যালয় ও সিভিল সার্জনের কার্যালয়ের তথ্যের ভিত্তিতে স্থানীয় মানবাধিকার সংগঠন রাইটস ডেভেলপমেন্ট সেন্টারের (আরডিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, তিন মাসে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলায়। এখানে ২৬ জনের মধ্যে ২১ জন নারী ও পাঁচজন পুরুষ। দ্বিতীয় অবস্থানে রয়েছে শৈলকুপা উপজেলা। সেখানে ২১ জনের মধ্যে ১৪ জন নারী ও সাতজন পুরুষ।

এ ছাড়া মহেশপুর উপজেলায় ১৪ জনের মধ্যে নারী ও পুরুষ সাতজন করে, হরিণাকুণ্ডুতে ১২ জনের মধ্যে আটজন নারী ও চারজন পুরুষ এবং কালীগঞ্জে ১১ জনের মধ্যে ছয়জন নারী ও পাঁচজন পুরুষ রয়েছেন। কোটচাঁদপুর উপজেলায় এ সংখ্যা ছয়জন। তাঁদের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষ।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা বলেন, মাদকাসক্তি, বেকারত্ব, মানসিক সমস্যা, পারিবারিক অশান্তি, প্রেমে ব্যর্থতা ও পরকীয়াসহ বিভিন্ন কারণে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। এ ছাড়া শিক্ষার হার কম এবং বাল্যবিবাহের হার বেশি হওয়াও এ প্রবণতার পেছনে ভূমিকা রাখতে পারে।

স্থানীয় মানবাধিকার সংগঠন আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমান বলেন, আত্মহত্যা প্রতিরোধে সরকারি-বেসরকারি সব সংস্থাকে সমন্বিতভাবে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করতে হবে। আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়। এ বিষয়ে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি মানসিক সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানো জরুরি।

জেলায় তিন মাসে ৯০ জনের আত্মহত্যার ঘটনা জনস্বাস্থ্য ও সামাজিক সচেতনতার ক্ষেত্রে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *