নিজস্ব প্রতিবেদক-ঝিনািদহ:
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে বিএনপির তিন নেতার বাড়ির প্রবেশগেটের সামনে থেকে লাল টেপ মোড়ানো ও ‘জয় বাংলা’ লেখা তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১নভেম্বর) সকালে পৃথক তিনটি স্থান থেকে এসব বস্তু উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উদ্ধার হওয়া বস্তুগুলো গোভীপুর গ্রামের বিএনপি নেতাকর্মী খোকন, রুহুল আমিন ও আইব নবী রহমানের বাড়ির প্রবেশগেটের সামনে রাখা ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা বাড়ির গেটের সামনে লাল টেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ বস্তু দেখতে পান। বস্তুগুলোর গায়ে সাদা কাগজে ‘জয় বাংলা’ লেখা ছিল। একই সময়ে গ্রামের তিন বিএনপি নেতার বাড়ির সামনে একই ধরনের বস্তু দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে। পরে সেগুলো পানিভর্তি বালতিতে রাখা হয়।
ভুক্তভোগী বিএনপি নেতাকর্মীদের ধারণা, রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো সন্ত্রাসী গোষ্ঠী এলাকায় আতঙ্ক সৃষ্টি ও তাঁদের ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে রাতের আঁধারে এসব বস্তু রেখে যেতে পারে।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে গোভীপুর গ্রামের তিন ব্যক্তির বাড়ির সামনে থেকে লাল টেপ মোড়ানো তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব বস্তু রেখে গেছে।
তবে উদ্ধার হওয়া বস্তুগুলো প্রকৃতপক্ষে বোমা কি না, তা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।