আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:
ঝিনাইদহের কোটচাঁদপুরের কাশিপুর গ্রামের কৃতী সন্তান বিজ্ঞানী ড. মোহাম্মদ আব্দুর রহমান। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাসরত এই গুণী বিজ্ঞানী সম্প্রতি দেশে এবং নিজ জন্মভূমি কোটচাঁদপুরে এসেছেন। তাঁর সঙ্গে দেখা ও কিছু সময় কাটানোর সুযোগ পেয়ে আনন্দিত হয়েছেন স্থানীয় এক সাহিত্যপ্রেমী ব্যক্তি ও তাঁর স্ত্রী।
সাক্ষাতের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, তাঁর বাবা ছিলেন অত্যন্ত বিদ্যানুরাগী মানুষ। ছোটবেলায় বাবার কাছে কোটচাঁদপুর শহর ও আশপাশের গ্রামের বহু শিক্ষিত, মেধাবী ও গুণী মানুষের গল্প শুনেছেন। কারও পরিচিতি ছিল অসাধারণ লেখাপড়ার জন্য, কারও সুনাম ছিল সুন্দর হাতের লেখার জন্য, আবার কেউ ইংরেজিতে বিশেষ দক্ষতার কারণে সম্মানিত ছিলেন। বাবার মুখে শোনা সেই মানুষগুলো তাঁর কাছে একেকজন কিংবদন্তি হয়ে উঠেছিলেন।
তাঁদের মধ্যেই একজন ছিলেন ‘কাশিপুরের আব্দার’। ছোটবেলা থেকেই বাবার মুখে বারবার শুনেছেন, কাশিপুরের আব্দার ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র, পড়াশোনায় অসাধারণ ভালো এবং ভদ্র স্বভাবের মানুষ। উচ্চশিক্ষার জন্য তিনি লন্ডন কিংবা আমেরিকায় গিয়েছেন বলেও বাবা তাঁকে জানিয়েছিলেন। পরবর্তী সময়ে জানতে পারেন, সেই আব্দারের পূর্ণ নাম মোহাম্মদ আবদুর রহমান।
সম্প্রতি সৌভাগ্যক্রমে কাশিপুরে তাঁর পরিবারের একটি দাওয়াতে অংশ নিতে গিয়ে বিজ্ঞানী ড. মোহাম্মদ আব্দুর রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ হয়। সেখানে তাঁর ভাইয়ের বাড়িতে স্ত্রী লিপিকে নিয়ে উপস্থিত ছিলেন তিনি। একপর্যায়ে বিজ্ঞানী নিজেই তাঁর পরিচয় জানতে চান। তখন তিনি নিজের পরিচয়ের পাশাপাশি বাবার মুখে শোনা সেই শৈশবের গল্পগুলোর কথা তুলে ধরেন।
এরপর দীর্ঘ সময় ধরে তাঁদের মধ্যে আন্তরিক আলাপচারিতা হয়। বিজ্ঞানীর ব্যক্তিত্ব, মানুষের প্রতি দৃষ্টিভঙ্গি এবং সমাজ নিয়ে তাঁর বিশ্লেষণ তাঁদের মুগ্ধ করে।
সাক্ষাতের স্মারক হিসেবে বিজ্ঞানী ড. মোহাম্মদ আবদুর রহমান তাঁকে নিজের লেখা আত্মজীবনীমূলক বই ‘এক গ্রামের ছেলের কেমিস্ট হওয়ার গল্প’ উপহার দেন। বইটিতে লেখকের ব্যক্তিজীবনের পাশাপাশি কোটচাঁদপুরের নানা স্মৃতি, স্থানীয় ইতিহাস এবং বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু বিষয় উঠে এসেছে।
বই থেকে জানা যায়, ড. মোহাম্মদ আবদুর রহমান ১৯৬৪ সালে কোটচাঁদপুর হাইস্কুল থেকে প্রথম বিভাগে এসএসসি এবং ১৯৬৬ সালে যশোর এম এম কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। স্নাতকোত্তরে তিনি প্রথম শ্রেণিতে তৃতীয় স্থান অধিকার করেন।
কর্মজীবনের শুরুতে একটি কলেজে প্রভাষক হিসেবে যোগ দেন। পরবর্তী সময়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শিক্ষকতা করেন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে শিক্ষকতা করেন।

উচ্চশিক্ষা ও গবেষণার ধারাবাহিকতায় তিনি কানাডার লেকহেড বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি এবং যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৫ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে পোস্টডক্টরাল গবেষণার সুযোগ পান। পরবর্তী সময়ে বিশ্বের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানে গবেষক ও বিজ্ঞানী হিসেবে কাজ করেন। রসায়নবিজ্ঞানে তাঁর রয়েছে উল্লেখযোগ্য গবেষণা ও উদ্ভাবনী অবদান।
বিজ্ঞানী ড. মোহাম্মদ আবদুর রহমানের সঙ্গে এই সাক্ষাৎ তাঁর জীবনের বিশেষ স্মৃতি হয়ে থাকবে বলে জানান ওই সাহিত্যপ্রেমী ব্যক্তি। বাবার মুখে শোনা শৈশবের এক কিংবদন্তি মানুষকে জীবনের একপর্যায়ে সরাসরি দেখা, তাঁর সঙ্গে কথা বলা এবং তাঁর লেখা বই উপহার পাওয়া—সব মিলিয়ে এটি তাঁর কাছে এক আনন্দময় ও স্মরণীয় অভিজ্ঞতা।
কোটচাঁদপুরের মাটিতে জন্ম নেওয়া এমন একজন কৃতী বিজ্ঞানীর সাফল্য নিঃসন্দেহে এলাকার মানুষের জন্য গর্ব ও অনুপ্রেরণার বিষয়।