জীবননগর অফিস:
দেশজুড়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, তাদের ব্যবসায়িক উদ্যোগ চিহ্নিত করা এবং সহজ শর্তে অর্থায়নের আওতায় আনতে চুয়াডাঙ্গার জীবননগরে ‘উদ্যোগ’ কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনায় এ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচির আওতায় আয়োজিত এ কর্মশালায় তরুণ ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি নতুন উদ্যোক্তা সৃষ্টি, ব্যবসা সম্প্রসারণ এবং প্রয়োজনীয় অর্থায়নের মাধ্যমে তরুণদের স্বাবলম্বী করে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ। কর্মশালায় সভাপতিত্ব করেন ব্র্যাক ব্যাংকের সাউথ বেঙ্গল রিজিওনের রিজিওনাল হেড আল আমীন শেখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের উপপরিচালক মো. আসলাম হোসেন, ইসলামী ব্যাংক পিএলসি জীবননগর শাখার এভিপি মো. আবু জাফর, জীবননগর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম এবং ব্র্যাক ব্যাংক জীবননগর শাখার এভিপি সঞ্চয় কুমার প্রমুখ।
কর্মশালায় তরুণদের নতুন নতুন ব্যবসায়িক উদ্যোগ গ্রহণে উৎসাহিত করার পাশাপাশি সম্ভাবনাময় উদ্যোক্তাদের আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়।