আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে হরতালের সমর্থনে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরের কোনো একসময় মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় ব্যানার হাতে নিয়ে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। পাশাপাশি কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, মিছিলে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী অংশ নেন। তাদের মধ্যে কয়েকজনের মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। অন্যদের মুখও ভিডিওতে দৃশ্যমান ছিল। মিছিলে অংশগ্রহণকারীদের অধিকাংশের হাতে বাঁশের লাঠি দেখা যায়।
মিছিলটি ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরানের পক্ষে অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। এ সময় ঝিনাইদহ সরকারি কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি হোসাইন মো. ফরহাদকে বক্তব্য দিতে দেখা যায়।
ভিডিওতে বক্তব্যে তিনি হরতালের প্রতি সমর্থন জানিয়ে ঝিনাইদহবাসীর উদ্দেশে বলেন, ‘আজকের এই হরতাল আপনারা সমর্থন করুন। ঝিনাইদহবাসীর পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি, আপনারা ঘরে থাকুন। রাস্তায় গাড়ি বের করবেন না। নিজ গৃহে অবস্থান করুন।’

এ সময় মিছিলে অংশগ্রহণকারীদের ‘লড়াই করে বাঁচতে চাই, বাঁচতে হলে লড়তে হবে’ এবং ‘এ লড়াইয়ে জিতবে কারা, বঙ্গবন্ধুর সৈনিকেরা’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। পাশাপাশি শেখ হাসিনা ও ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরানের পক্ষেও স্লোগান দেন তারা।
এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান, মিছিলের বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মিছিলটি পুরোনো কোনো সময়ের ভিডিও কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
তবে মিছিলটির সময়, স্থান ও ঘটনার সত্যতা সম্পর্কে পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়গুলো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।