জীবননগর অফিস:
সারাদেশের মত চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায়ও টানা বৃষ্টিতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কর্মকাণ্ড। বৃষ্টির কারণে কাজ না পেয়ে বিপাকে পড়েছেন দিনমজুর,নির্মাণশ্রমিক,ভ্যান,রিকশা ও ইজিবাইকচালকেরা। অন্যদিকে মাঠে পেকে ওঠা আমন ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া অব্যাহত থাকলে পাকা ধান নুয়ে পড়া, জমিতে পানি জমে ফসলের ক্ষতি এবং ধান কাটায় বিলম্বের আশঙ্কা করছেন তাঁরা।
গত বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিপাত শুক্রবার দিনভর অব্যাহত থাকার পর শনিবারও থামেনি। এতে চুয়াডাঙ্গা সদর,দামুড়হুদা ও জীবননগর উপজেলার বিভিন্ন এলাকায় জনজীবনে দুর্ভোগ বেড়েছে। শহরের রাস্তাঘাট ও বাজারে মানুষের উপস্থিতি কমেছে। নিচু এলাকার সড়কে কোথাও কোথাও পানি জমে চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। জরুরি প্রয়োজনে বের হওয়া লোকজনকে ছাতা ও পলিথিন ব্যবহার করে চলাচল করতে দেখা গেছে।
উপজেলার গোপালনগর গ্রামের রুস্তম আলী বলেন,আমার মাঠে সাড়ে ৫ বিঘা জমিতে আমন ধান রয়েছে।ধান কেটে জমিতে পড়ে আছে। আরো কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে।
টানা বৃষ্টির সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নিম্ন আয়ের মানুষের জীবিকায়। নির্মাণ কাজ বন্ধ থাকায় অনেক শ্রমিক কাজ পাচ্ছেন না। অন্যদিকে বৃষ্টির কারণে যাত্রী চলাচল কমে যাওয়ায় ভ্যান,রিকশা ও ইজিবাইক চালকদের আয়ও কমেছে। প্রতিদিনের আয়ের ওপর নির্ভরশীল এসব মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। সকালে কাজের সন্ধানে গ্রাম থেকে শহরে এসেও অনেক দিনমজু

রকে কাজ না পেয়ে বাড়ি ফিরতে হচ্ছে। নির্মাণশ্রমিক মিলন হোসেন বলেন,আমাদের মতো দিনমজুরদের জন্য একদিন কাজ বন্ধ থাকা মানে একদিনের খাবারের চিন্তা। বৃষ্টির কারণে কাজ বন্ধ থাকলে সংসারের বাজার খরচ জোগাড় করাই কঠিন হয়ে পড়ে।
জীবননগর শহরের রংমিস্ত্রি লাল্টু মিয়া বলেন,টানা বৃষ্টিপাতের কারণে দু’দিন ধরে কাজ বন্ধ রয়েছে।এ অবস্থা চলতে থাকলে সংসার নিয়ে বিপাকে পড়তে হবে।
জীবননগর বাজার এলাকায় বৃষ্টির মধ্যে মাথায় পলিথিন জড়িয়ে কাজের সন্ধানে বের হওয়া এক শ্রমিক জানান,সকাল থেকে অপেক্ষা করেও তেমন কাজ পাননি। একটি কাজ পেলেও বৃষ্টির কারণে তা বন্ধ হয়ে যায়। ফলে সারাদিন বৃষ্টিতে ভিজে প্রায় খালি হাতেই বাড়ি ফিরতে হচ্ছে তাঁকে।
ইজিবাইক দিপু মোল্যা জানান,সাধারণত শনিবার বাজারে মানুষের উপস্থিতি বেশি থাকে। এ কারণে যাত্রী ও ভাড়া পাওয়ার সম্ভাবনাও ভালো থাকে। কিন্তু টানা বৃষ্টিতে মানুষের চলাচল কমে যাওয়ায় তাঁদের আয় উল্লেখযোগ্যভাবে কমেছে। জীবিকার তাগিদে বৃষ্টির মধ্যেও গাড়ি নিয়ে সড়কে থাকতে হচ্ছে।
এদিকে জনজীবনের দুর্ভোগের পাশাপাশি কৃষকদের মধ্যে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে পাকা আমন ধান নিয়ে। জেলার বিভিন্ন মাঠে রোপা আমন ধান পেকে উঠেছে। কোথাও ধান কাটার প্রস্তুতি চলছে, আবার কোথাও আবহাওয়া অনুকূলে আসার অপেক্ষায় রয়েছেন কৃষকেরা।

উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের আশঙ্কা,বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া অব্যাহত থাকলে পাকা ধানের গাছ মাটিতে নুয়ে পড়তে পারে। জমিতে পানি জমে থাকলে ধান কাটা ও মাড়াইয়ের কাজ ব্যাহত হবে। একই সঙ্গে দীর্ঘ সময় ফসল জমিতে পড়ে থাকলে উৎপাদিত ধানের গুণগত মানেরও অবনতি ঘটতে পারে।অনেক সবজি ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে।
কৃষকেরা জানান,আমন ধান কাটার উপযুক্ত সময়ে এমন বৃষ্টি তাঁদের নতুন করে দুশ্চিন্তায় ফেলেছে। কয়েক মাসের পরিশ্রমে উৎপাদিত ফসল নিরাপদে ঘরে তুলতে না পারলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। তাই দ্রুত বৃষ্টি বন্ধ হয়ে আবহাওয়া স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন তাঁরা।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক মো. জামিনুর রহমান জানান,শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবারও বৃষ্টিপাত অব্যাহত ছিল।
তিনি আরও জানান,আগামী দুই থেকে তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। চলতি মাসের ২৫ নভেম্বর থেকে তাপমাত্রা কমতে শুরু করলে শীতের প্রকোপ বাড়তে পারে।
উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন জানিয়েছেন,টানা বৃষ্টিতে মাঠের পাকা আমন ধানের ক্ষতির আশঙ্কা রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমান এখনই নিরুপন করা সম্ভব নয়,তবে আগামী কয়েকদিনের মধ্যে বলা যাবে উপজেলায় টানা বৃষ্টির প্রভাবে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে। দ্রুত বৃষ্টিপাত বন্ধ হলে কৃষকেরা বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারেন বলে আশা করছে কৃষি বিভাগ।
সব মিলিয়ে টানা বৃষ্টিতে মানুষের জীবনযাত্রা ও কৃষি কার্যক্রমে বিরূপ প্রভাব পড়েছে। একদিকে কাজ না থাকায় দৈনিক আয়ের ওপর নির্ভরশীল মানুষের সংসার চালানো কঠিন হয়ে উঠেছে, অন্যদিকে পাকা আমন ধান ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন কৃষকেরা। তাঁদের প্রত্যাশা, দ্রুত আবহাওয়ার উন্নতি হবে এবং নিরাপদে ঘরে তোলা সম্ভব হবে সারা বছরের পরিশ্রমের ফসল।