ঝিনাইদহ সীমান্তে দালালসহ ১৩ বাংলাদেশি আটক

আবু সাইদ শওকত আলী,ব্যুরো প্রধান ঝিনাইদহ:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী-শিশুসহ ১১ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে দুই দালালকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় ৯৬ পিস যৌন উত্তেজক ট্যাবলেট ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মহেশপুর উপজেলার কুসুমপুর, খোসালপুর ও শ্যামকুড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এছাড়া মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে কুসুমপুর সীমান্ত থেকে আরও এক নারীকে আটক করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুসুমপুর বিওপির একটি বিশেষ টহল দল পিপুলবাড়িয়া গ্রামের পাকা রাস্তা থেকে হাসেম আলী (৫৫) ও শাহাব উদ্দিন (৫০) নামে দুই ব্যক্তিকে আটক করে। তাদের কাছ থেকে ৯৬ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

একই দিন রাত ৮টা ২০ মিনিটের দিকে খোসালপুর বিওপির টহল দল খোসালপুর গ্রামের একটি স-মিল থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিন পুরুষ, তিন নারী ও দুই শিশুসহ আট বাংলাদেশিকে আটক করে। রাত ৯টা ২০ মিনিটের দিকে শ্যামকুড় বিওপির টহল দল মাইলবাড়িয়া গ্রামের তিন রাস্তার মোড় থেকে আরও দুই বাংলাদেশি পুরুষকে আটক করে।

এছাড়া মঙ্গলবার সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে কুসুমপুর বিওপির টহল দল চাপাতলা গ্রামের একটি কমলা বাগানের পাশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে আরও এক নারীকে আটক করে।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত দিয়ে অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবির টহল ও অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *