মায়ের ওপর অভিমান করে বাড়ি ছাড়ল দুই কিশোরী, ১২ ঘণ্টায় ভৈরব থেকে উদ্ধার

আবু সাইদ শওকত আলী,ব্যুরো প্রধান:

ঝিনাইদহের কালীগঞ্জে মায়ের ওপর অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া দুই কিশোরী বোনকে ১২ ঘণ্টার মধ্যে কিশোরগঞ্জের ভৈরব থেকে উদ্ধার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উদ্ধার করা হয়। পরে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

উদ্ধার হওয়া দুই কিশোরী হলো কালীগঞ্জ উপজেলার ৮ নম্বর মালিয়াট ইউনিয়নের তক্তিপুর গ্রামের সুব্রত দেবনাথের মেয়ে আরাধ্য দেবনাথ (১৩) ও অনন্যা অধিকারী (১৪)। তারা দুজনই সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় দুই বোন। নির্ধারিত সময়ে বাড়িতে ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তাদের বাবা সুব্রত দেবনাথ কালীগঞ্জ থানায় নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলীর নেতৃত্বে উদ্ধার অভিযান শুরু করে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় দুই কিশোরীর অবস্থান শনাক্ত করা হয়। পরে থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে কিশোরগঞ্জের ভৈরব থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন।

কালীগঞ্জ থানার ওসি মো. জুলফিকার আলী জানান, মায়ের ওপর অভিমান করে দুই কিশোরী বাড়ি থেকে বেরিয়ে সিলেটে এক বান্ধবীর বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে ভৈরব থেকে উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, সন্তানদের সঙ্গে অভিভাবকদের সহনশীলতা, ভালোবাসা ও মমতার সঙ্গে আচরণ করা উচিত। তাদের মানসিক অবস্থা ও অনুভূতির প্রতি গুরুত্ব দিতে হবে।

অভিমান জমে, কিন্তু সব কথা মুখে বলা যায় না। কিশোর-কিশোরীদের মনের না-বলা কথাগুলো বুঝতে অভিভাবকদের আরও যত্নশীল হতে হবে। সামান্য ভুল বোঝাবুঝি যেন বড় কোনো বিপদের কারণ না হয়। সন্তানদের নিরাপত্তা, মানসিক সুস্থতা ও পারিবারিক বন্ধন রক্ষায় প্রয়োজন ভালোবাসা, বন্ধুত্বপূর্ণ আচরণ এবং পারস্পরিক বিশ্বাস।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *