ময়মনসিংহে জামায়াত নেতার সাংগঠনিক কার্যক্রম স্থগিত

ময়মনসিংহ অফিস:
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক জসিম উদ্দিনের সাংগঠনিক কার্যক্রম ও সদস্যপদ (রুকনিয়াত) স্থগিত করেছে জামায়াতে ইসলামী।

বুধবার (১৭ সেপ্টেম্বর) জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক জসিম উদ্দিনের সামগ্রিক কর্মকাণ্ডে সংগঠনের সুনাম, সুখ্যাতি, ঐতিহ্য, শৃঙ্খলা ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যা দলীয় গঠনতন্ত্রের ধারা-৬২ এর উপধারা-২ (ক) ও (খ)-এর সুস্পষ্ট লঙ্ঘন।

এ প্রেক্ষিতে গত সোমবার (১৫ সেপ্টেম্বর) জেলা জামায়াতের কর্মপরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে তার সাংগঠনিক কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল দল। প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ঊর্ধ্বে থেকে দলীয় শৃঙ্খলা বজায় রাখা হয়েছে। ভবিষ্যতেও শৃঙ্খলার ব্যাপারে দল আপসহীন থাকবে।”

এর আগে গত শনিবার (১৩ সেপ্টেম্বর) ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে মনোনীত প্রার্থীর পরিবর্তনের প্রতিবাদে অধ্যাপক জসিম উদ্দিনের সমর্থনে ‘ফুলবাড়িয়া ঐক্যবদ্ধ জনতা’র ব্যানারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে ফুলবাড়িয়া উপজেলা জামায়াতের আমির ফজলুল হক শামীম বলেন, “অধ্যাপক জসিম উদ্দিনের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ সংক্রান্ত চিঠি আমরা পেয়েছি।”

তবে অধ্যাপক জসিম উদ্দিনের বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *